সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যাচাই-বাছাই ছাড়া সীমান্তে কাউকে পুশ-ইন করানো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রক্রিয়া নয়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক প্রমাণ বাংলাদেশ সরকারের কাছে নেই।
তিনি জানান, ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তবে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এমন তৎপরতার চেষ্টা হতে পারে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সক্ষম।
এ সময় তিনি জানান, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান তিন অভিযুক্তকে ভারতের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় আইনি নথি ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে এবং বর্তমানে দেশটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।