বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও প্রকৌশল খাতে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ড্যানিয়েল উলভেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম সুইডেনকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা ও জলবায়ু সহনশীলতা অর্জনে সুইডেনের অবদানের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের গুরুত্বের ওপরও জোর দেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সুইডেনের আরও জোরালো সমর্থন কামনা করেন।