একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ নিরাপদে জীবনযাপন করবে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত অর্থবহ। এ সময় দলের নেতৃত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও তার কাছ থেকে পাওয়া দিকনির্দেশনার কথা স্মরণ করেন। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত দীর্ঘ পথচলায় বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিএনপির এই নেতা।