কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘গুজব’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের কোনো তথ্য সরকারের নজরে আসেনি এবং বিষয়টি নিয়ে বিবেচনারও প্রশ্ন নেই।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ছড়িয়ে পড়া খবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। সরকারের নজরেই না আসা কোনো বিষয় আমলে নেওয়ার প্রশ্নও ওঠে না।
আগামী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদারভাবে চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ একজন সর্বজনগ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো জটিল সমস্যা নেই। ভারতীয় একটি প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গেছে এবং বাংলাদেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।
এর আগে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বিশ্ব দ্রুত তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ ও সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।