কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোহাম্মদ সামদানীকে তাঁর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
এতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সামদানী দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একইভাবে দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতিও দিতে পারবেন না। এ সময়ে তাঁর ব্যক্তিগত বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, দ্রুত কুমিল্লা মহানগর শাখার জন্য একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক নিয়োগ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এবি পার্টি জানায়, দলটি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে জড়ানো বা কোনো পক্ষ নেওয়া দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।