দেশের চিকিৎসকরা নানা সীমাবদ্ধতার মধ্যেও দিনরাত মানুষের সেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ বাড়াতে চীন, পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ও অগ্রগতির কাজ এগিয়ে চলছে।
তিনি সাংবাদিকদের চিকিৎসকদের কাজের বাস্তব চিত্র ও প্রতিকূলতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি বা ভুল-ত্রুটি থাকলে গণমাধ্যমের গঠনমূলক আলোচনার মাধ্যমে তা সংশোধনের ইতিবাচক মানসিকতা রাখার জন্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
সাখাওয়াত হোসেন বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। তাই চিকিৎসা পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশের প্রান্তিক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে।