উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থ দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রকল্প ও নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
তিনি আরও বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, তাঁকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা যেন আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।