নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া সফুর উদ্দিনের ছেলে এবং বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।
অভিযুক্ত জীবন স্থানীয় আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে।
নিহতের স্বজনদের দাবি, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে মিজান ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার আনিসুর রহমান জানান, মিজানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।