সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগে একটি ব্যবসা শুরু করতে যেখানে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আদর্শ পরিস্থিতিতে ১৫তম দিনেই একটি প্রতিষ্ঠান যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে।
সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়” শীর্ষক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধিকে শুধু অতিরিক্ত সময় নয়, বরং অর্থনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদন বহুমুখীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের সুযোগ হিসেবে কাজে লাগানো হবে। তিনি বলেন, বর্তমান বাজেটে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে টিকে থাকতে স্বচ্ছতা, টেকসই উন্নয়ন, শ্রম অধিকার ও দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের গুরুত্ব বেড়েছে। এ লক্ষ্যেই বাণিজ্য মন্ত্রণালয় ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করেছে, যা সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার করবে।
ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কোথায় সময় কমানো এবং প্রক্রিয়াগত জটিলতা দূর করা সম্ভব, তা নির্ধারণ করা হয়েছে। আগামী জুলাই মাসে এসব সংস্কার বাস্তবায়নের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।