দেশের বিধ্বস্ত অর্থনীতির ওপর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নকে ‘দুঃসাহসী ও গগনস্পর্শী’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দল বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে সময়োপযোগী ও উচ্চাভিলাষী বাজেট উপস্থাপন করেছেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরেরও প্রশংসা করে বলেন, বিশেষ করে চীন সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা দেশবাসীর জন্য গর্বের বিষয় এবং এ সফরের জন্য তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
সংসদ সদস্য আরও বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই অতীতে রাজনৈতিক নির্যাতন, কারাবাস, গুম ও হয়রানির শিকার হয়েছেন। চার মাসের মধ্যেই সরকার কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ, কৃষি ঋণ মওকুফ, বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি।