হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মাহাদী হাসান অভিযোগ করেন, ডিসি অফিসের ভেতরে তার ওপর হামলা চালানো হয়েছে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আগের দিন বুধবার রিকশায় যাওয়ার পথে তার ওপর হামলার চেষ্টা করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন। আবেদন শেষে বের হওয়ার সময় কিছু লোক তাকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, মাহাদী হাসানকে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে হামলার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
মাহাদী হাসান এর আগেও বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় আসেন। চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে তিনি বলেন, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম।’ ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলেও আদালত থেকে জামিনে মুক্তি পান।
সর্বশেষ ডিসি অফিসে হামলার অভিযোগের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন মাহাদী হাসান। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।