ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ বাসে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাত্রাপথে বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি এবং দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এদিকে, ওসমানী বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় চা শ্রমিকরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী আজ দুপুর ১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পরে বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনের কর্মসূচি শেষে বিকেলে তিনি দুসাই রিসোর্টে অবস্থান করবেন এবং সেখানে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সিলেট সফর। এর আগে গত ২ মে তিনি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।