ভারতের পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট বা প্রশাসনিক অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) দেশটির সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১৯৫০ সালের বেঙ্গল আইন ও ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সার্টিফিকেট ছাড়া গরু-মহিষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। এই সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি। পাশাপাশি সরকারি ভেটেনারি কর্মকর্তার স্বাক্ষরও থাকতে হবে।
অনুমতি নিতে হলে প্রমাণ দিতে হবে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কর্মক্ষম বা প্রজনন সক্ষম নয়। তবে কোনো পশু গুরুতর অসুস্থ, অঙ্গহানিগ্রস্ত বা চলাচলে অক্ষম হলে ১৪ বছর পূর্ণ হওয়ার আগেও বিশেষ অনুমতিতে জবাই করা যাবে।
এছাড়া রাস্তার পাশের সব কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে শুধুমাত্র প্রশাসন নির্ধারিত কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে।
নিয়ম অমান্য করলে ১৯৫০ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।