গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৩৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৫ শিশু।
বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ২৬০ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ৪৩টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে ১ জন এবং উপসর্গে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯১ জন এবং উপসর্গে ৫১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬০৫ জনে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৮৫ জন), এরপর চট্টগ্রাম (২৩০ জন) ও বরিশাল (১৫৮ জন)।
অন্যান্য বিভাগে শনাক্তের সংখ্যা হলো—রাজশাহী ৭৩, ময়মনসিংহ ৩৮, সিলেট ৬১, খুলনা ৬৮ এবং রংপুর ২৩ জন।
এর আগের দিনগুলোর প্রতিবেদনে ২৫ মে একদিনে ১৭ জন এবং ২৪ মে একদিনে ১৬ জন শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।