‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম এ তথ্য জানান। সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চিফ হুইপ জানান, দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এবার বাজেট-পরবর্তী ঐতিহ্যগত নৈশভোজ বাতিল করেছেন।
সরকার দায়িত্ব নেওয়ার সময় হামে শিশুমৃত্যু ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংকটের কারণেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
নূরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ সম্ভবত বিশ্বের একমাত্র দেশ, যার প্রধানমন্ত্রীর বর্তমানে কোনো নির্দিষ্ট সরকারি বাসভবন নেই।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে ৬৩টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। পাশাপাশি অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে চিফ হুইপ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবারের বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে, যা সংসদীয় ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত।