জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে কটূক্তি করার পরও সাধারণ মানুষ এনসিপি নেতাদের ‘ঝেঁটিয়ে বিদায়’ করেনি—এটিই তাদের সৌভাগ্য।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁনের অভিযোগ, জুলাই পদযাত্রার নামে বিভিন্ন এলাকায় গিয়ে এনসিপির নেতারা স্থানীয় বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। অথচ আওয়ামী লীগের বিচার নিয়ে তাদের বক্তব্যে তেমন গুরুত্ব দেখা যাচ্ছে না। কোথাও কোথাও কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এনসিপির নেতারা ইচ্ছাকৃতভাবে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের পরিবেশ তৈরি করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে পরে ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, স্থানীয় মানুষের সঙ্গে এমন আচরণ ক্ষোভের জন্ম দেয় এবং সেই ক্ষোভ নিয়ন্ত্রণ করা সহজ নয়। তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি একটি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় নেতাদের নিয়ে কটূক্তির পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, সেটিই তাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়।
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।