প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে সৌদি আরব আগ্রহী।
তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে বহুমাত্রিক, কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।
বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।
প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।
বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।