চট্টগ্রামে ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়। চান্দগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
পুলিশ জানায়, এক তরুণীর করা মামলার ভিত্তিতে গত ১৯ জুলাই চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আফতাব মজুমদার জয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানার সুইট প্যালেস হোটেলের একটি কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই তরুণী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। মামলার পর পুলিশ আফতাব মজুমদার জয়কে আটক করে।