রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাব ও বারে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা, নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, ফুয়াং ক্লাব ও বারটি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের। ২০১৯ সালেও ক্লাবটিতে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছিল।
তবে শনিবারের অভিযানের কারণ বা অভিযানে এখন পর্যন্ত কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি-১ সদস্যরা অংশ নেন।
ওই অভিযানে শেখ নুর ইসলামের চারটি গুদামের মধ্যে দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।