বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমান।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে।