গত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ের পরও অপচয় ও অনিয়মের কারণে রেল খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রেল খাতে বিপুল বিনিয়োগ করা হলেও যাত্রীসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে, কোথাও উন্নয়ন পিছিয়ে পড়েছে, আবার কোথাও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, রেলব্যবস্থা যে পর্যায়ে উন্নীত হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি। দীর্ঘদিনের এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার উদ্যোগ নিয়েছে। তবে রেল খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন হবে।
যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, রেল খাতকে আধুনিক ও কার্যকর ব্যবস্থায় রূপান্তর করে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।