জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক—কোনোটাই তিনি চান না।
বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ভারতে যেভাবে মসজিদ ভাঙার ঘটনা ঘটে, বাংলাদেশে সে হারে মন্দির ভাঙা হয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে প্রতিবেশী দেশ কীভাবে নিয়েছে, তা তাদের কর্মকাণ্ড থেকেই বোঝা যায়।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দেওয়া বাজেটকে বিরোধী দলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন ও সংস্কারে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে।
তিস্তা মহাপরিকল্পনাকে তিনি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, উত্তরাঞ্চলের কৃষকেরা যাতে প্রয়োজনীয় পানি পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
চিফ হুইপ আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘর কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে তিনি অবগত নন।