আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানের ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রবাসীদের সুবিধা বাড়াতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ২০২৫ সালের ১ জুলাই ফ্লাইটটি স্থগিত করা হয়েছিল। জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিটসহ প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় লাগায় ২৭ জুলাই থেকে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী চাহিদা ও ফ্লিট বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, জাপানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এই রুটটি পুনরায় চালু করা হচ্ছে। পাশাপাশি ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজও এগিয়ে চলছে।