পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দেশের টিকা কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারের কাছে বিষয়টি স্পষ্ট এবং এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ রাউন্ড পরিচালিত হয়নি। একই সঙ্গে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা হয়নি এবং পরিবার পরিকল্পনা সামগ্রীও কেনা হয়নি।
তিনি আরও বলেন, অপারেশনাল প্ল্যানের পরিবর্তে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে স্থানান্তরের সিদ্ধান্তের কারণে স্বাভাবিক অর্থপ্রবাহ ব্যাহত হয়। এর ফলে প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয় এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর সংকট দেখা দেয়।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।
সংকট মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে অবস্থান করছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।