হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মারাজ বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বাঘাসুরা গ্রামে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মারাজ বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখতেন। ভোরে সবার অগোচরে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্বজনরা।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।