র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, র্যাব আর আগের কাঠামোয় থাকছে না এবং বাহিনীটির জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, র্যাবের কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতেই পৃথক আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না।
তবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই প্রয়োজন বিবেচনায় র্যাবের কার্যক্রমকে আরও সুস্পষ্ট আইনি কাঠামোর আওতায় আনা হচ্ছে।
একই সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিদ্যমান পরিকল্পনায় মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তবে পানি সংরক্ষণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সংশোধন শেষে প্রকল্পটি চূড়ান্ত করা হবে।