রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সরকারি দায়িত্বের সময় প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
অভিযানের সময় নরসিংদীর বেলাবো উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক মইনুল হাসান চিশতীকে সেখানে রোগী দেখার সময় হাতেনাতে শনাক্ত করা হয়।
অভিযোগ রয়েছে, সরকারি অফিস চলাকালীন সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে এ অনিয়ম করে আসছিলেন।
এ ঘটনায় চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।