কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা পূর্বপাড়ার বাইতুলফালা জামে মসজিদ সংস্কারের জন্য সরকারি বরাদ্দের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে ব্যক্তিগত অর্থায়নে মসজিদ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে সরকারি বরাদ্দে কাজ সম্পন্ন হলেও বিষয়টি স্থানীয় মসজিদ কমিটিকে জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরে ই-টেন্ডারের মাধ্যমে মসজিদটির জন্য ১১ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ এলেও বাস্তবে মাত্র ৩ থেকে ৪ লাখ টাকার কাজ হয়েছে। কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
মসজিদ কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম মিরণ দাবি করেন, পরে জেলা প্রশাসনের এক সভায় তারা জানতে পারেন যে মসজিদটির নামে সরকারি বরাদ্দ এসেছে। অথচ শুরুতে এটি ব্যক্তিগত অর্থায়নে করা হয়েছে বলে জানানো হয়েছিল।
এ বিষয়ে ই-টেন্ডার আবেদনকারী, ঠিকাদার ও সাব-ঠিকাদারদের বক্তব্যে কাজ বাস্তবায়ন নিয়ে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। অন্যদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, বরাদ্দ নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।