সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওর ঘটনায় এবার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি ভিডিওটি ঘিরে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তুলে ধরে ঘটনাটিকে শুধু ব্যক্তিগত বিষয় নয়, সম্ভাব্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত বলে মন্তব্য করেন।
বুধবার (২২ জুলাই) দেওয়া এক ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত মন্তব্য করেন না। তবে বিষয়টি ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে গুরুতর অভিযোগের জন্ম দেওয়ায় তিনি বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়েছেন।
পোস্টে তিনি দাবি করেন, সদ্য এসএসসি পাস করা এক তরুণী চাকরির সুপারিশের আশায় এমপির কাছে গিয়েছিলেন। ওই তরুণীর অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও চালকের বরাত দিয়ে জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ এবং অন্যান্য অনিয়মের অভিযোগও উল্লেখ করেন আব্দুল কাদের। তিনি দাবি করেন, এসব বিষয়ে ব্যক্তিগত সহকারী প্রত্যক্ষ সাক্ষী হওয়ার কথা বলেছেন।
জামায়াতের রাজনীতি ও ধর্মীয় ভাবমূর্তি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, নিজেদের সৎ ও আদর্শিক পরিচয়ে উপস্থাপন করলেও এমন অভিযোগ সামনে এলে তা জনমনে প্রশ্ন তৈরি করে।
তবে আব্দুল কাদেরের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা সংশ্লিষ্ট পক্ষের কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।