দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সরকার। এ কার্যক্রম শুধু রাস্তাঘাট বা ড্রেনের ময়লা পরিষ্কারে সীমাবদ্ধ থাকবে না; নিয়মবহির্ভূতভাবে যা কিছু রয়েছে, সেগুলোকেও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান অপরিচ্ছন্নতা ও নিয়মবহির্ভূত কার্যক্রম দূর করতে উদ্যোগ নিয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতের দায়িত্বে থাকায় সাধারণভাবে তাঁর এ হাসপাতালে আসার কথা নয়। তবে তাঁর বাড়ি কুমিল্লায় হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বড় হাসপাতালগুলোতে কমিটি গঠন করায় প্রটোকল অনুযায়ী তাঁকে হাসপাতালটির কমিটির সভাপতি করা হয়েছে।
হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সবকিছু ইতোমধ্যে ঠিক হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়। হাসপাতাল, কলেজ ও জনগণের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। আগামী দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।