রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুরে অবস্থিত জেডএসআরএম (ZSRM) নামের একটি স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন— সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে সাব্বির ও তোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মাজেদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদের ১ শতাংশ অংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে শ্রমিকরা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গলিত লোহা চারদিকে ছিটকে পড়ে এবং এতে তিন শ্রমিক দগ্ধ হন।
ঘটনার পর কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।