জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল। তবে এসব প্রতিকূলতার মধ্যেও বর্তমান সরকারের পরিচালনাগত গতি ও মান আগের তুলনায় ভালো বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জননিরাপত্তা আরও জোরদার করা এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
বর্তমান সরকারের প্রতি দলের অবস্থান তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে সরকারের সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মসূচির কারণে অনেক সাধারণ নেতাকর্মী হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
পরে প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন কাদের সিদ্দিকী এবং তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।