আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে।
শুক্রবার (৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করেছেন। বর্তমানের বিভিন্ন সমস্যার অন্যতম কারণ হিসেবে তিনি কার্যকর প্রতিষ্ঠান গড়ে না ওঠার বিষয়টি উল্লেখ করেন।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে গণমাধ্যমে কোনো চাপ নেই। সাংবাদিকরা নিজেরাই সেলফ সেন্সরশিপের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
গণতন্ত্রকে টেকসই করতে সবাইকে গণতন্ত্রের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এ সময় তিনি অভিযোগ করেন, রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস না যেতেই রাজপথে ‘পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব’—এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের ভাষা নয়।
জুলাই সনদ ও গণভোট নিয়ে মতবিরোধ থাকলে তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাবি-দাওয়া নিয়ে সংসদে এসে কথা বলার পরামর্শ দেন স্থানীয় সরকারমন্ত্রী।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গণতন্ত্রের অংশ হতে পারে না।