ঢাকা–বেইজিং সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্য নিয়ে চীনে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হিসেবে বিবেচিত হওয়ায় সফরটি ঘিরে কূটনৈতিক ও ব্যবসায়িক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সফরে শিল্পখাত, মেগা অবকাঠামো, বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হতে পারে। দুই দেশের মধ্যে ১৫টিরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক মতামত অনুযায়ী, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরেরও বেশি সময় ধরে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থান, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এসেছে।
অর্থনৈতিক ক্ষেত্রে চীন দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ খাত, শিল্পায়ন ও পরিবহন খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কাঠামোকে শক্তিশালী করেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্ককে আরও উচ্চতায় নিতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রভাব, নীতিগত ধারাবাহিকতার ঘাটতি এবং চীন সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য।
দক্ষিণ এশিয়ার কিছু অংশে এখনও চীনের উন্নয়ন মডেল নিয়ে বিভ্রান্তি রয়েছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি, সীমিত রপ্তানি সক্ষমতা এবং কাঠামোগত দুর্বলতাও আলোচনায় উঠে আসে।
এরপরও অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উৎপাদন শিল্প, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় নতুন বিনিয়োগ ও সহযোগিতা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে উৎপাদন কেন্দ্র স্থাপনে আরও উৎসাহিত করা গেলে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
এছাড়া গ্লোবাল সাউথ সহযোগিতা কাঠামো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এবং আঞ্চলিক শিল্প শৃঙ্খলের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুশাসন, উন্নয়ন সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সফরটি বাংলাদেশ–চীন সম্পর্ককে আরও কৌশলগত ও বহুমাত্রিক অংশীদারত্বে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।