সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশে তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক লিখিত আবেদনে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাতে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগরের একটি বাসায় অবস্থানকালে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলায় লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং এতে আমিন, মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামে তিনজনের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে।
তিনি জানান, চিৎকার শুনে তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন।
লিখিত আবেদনে ওবায়দুর রহমান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এমপি গাজী নজরুল ইসলামের বিভিন্ন অনিয়ম, জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীসংক্রান্ত অভিযোগ সম্পর্কে অবগত হয়েছেন। পাশাপাশি একাধিক অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ থাকারও দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।