দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষাব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেই ধ্বংসস্তূপ থেকে গণতান্ত্রিক বাংলাদেশে শিক্ষাব্যবস্থা ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতাভিত্তিক ও বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে প্রাথমিক থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষাক্রমকে প্রযুক্তিনির্ভর ও বাস্তবভিত্তিক করার উদ্যোগ নিয়েছে। উচ্চশিক্ষাকে আরও আধুনিক ও দক্ষতাভিত্তিক করা এখন সময়ের দাবি।
তরুণ প্রজন্মকে শুধু ডিগ্রিভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এই সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে উচ্চশিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।