পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
নিহতরা হলেন— সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৪ জুন মরদেহ দাফনের পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের কয়েকজন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিদের কেউ বাড়িতে ছিলেন না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনায় কিশোরীর কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।