সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন। উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখননের জন্য ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়।
প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। কাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি, পরিবহনসহ সব ব্যয় পরিশোধের পর অবশিষ্ট অর্থ সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী কোষাগারে জমা দেওয়া হয়।
ইউএনও দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। কাজ শেষে যে অর্থ অবশিষ্ট ছিল, তা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
স্থানীয়দের মতে, সরকারি প্রকল্পের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এমন উদ্যোগ বিরল এবং এটি অন্য প্রশাসনের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত।