রাষ্ট্রযন্ত্রে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা এখনো একইভাবে ঘুষ নেওয়ার চেষ্টা করছে এবং ভালো কাজ বাধাগ্রস্ত করার প্রবণতাও বহাল রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চার থেকে পাঁচ মাস মন্ত্রিত্ব করার অভিজ্ঞতায় তিনি রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাননি।
তিনি বলেন, “আগে যারা ঘুষ খেত, তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। যারা ভালো কাজ আটকে দিত, তারাও একইভাবে কাজ করছে। এমনকি অনেকেই ভোল পাল্টে এখন নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন।”
এ মন্তব্যকে নিজের আক্ষেপের বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় এবার সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চেয়েছিলেন, কিন্তু এখনো সেই পরিবর্তন দৃশ্যমান হয়নি।
তিনি আরও বলেন, যদি নিজেদের ভেতরে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তাহলে জুলাই আন্দোলনের প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব হবে।
তবে হতাশার মধ্যেও আশার জায়গা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের জন্য ধারাবাহিকভাবে কাজ করছেন এবং নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগগুলো সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।