ভবিষ্যতে দেশে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদী বা মাফিয়া শক্তির উত্থান ঠেকাতে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় উত্থানের সুযোগ না পায়, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ধারা ও পদ্ধতি প্রবর্তন করা হবে।
তিনি বলেন, ওয়ান-ইলেভেনের মাধ্যমে একসময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। এরপর দেশে নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করা হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন ছিল এর মূল লক্ষ্য। বিএনপি সেই আদর্শের ভিত্তিতেই রাজনীতি করে।
তিনি আরও বলেন, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কথা তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মান ও ভাতা দেওয়ার কর্মসূচিও অব্যাহত রাখা হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে অর্থনীতি, জ্বালানি, আইনশৃঙ্খলাসহ দেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।