বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, অক্সিজেন গ্রহণের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের রাস্তা পরিষ্কার রাখতে হবে। বাজার ও মার্কেট থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজধানীতে বিভিন্ন স্থানে হকাররা ব্যবসা করলেও অনেকেই নিজেদের বর্জ্য পরিষ্কার করেন না। তাদেরও নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।
বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ার অভিযোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘যারা এমন করবে, আগামীতে তাদের টেন্ডার দেওয়া হবে না।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দুর্গম স্থানগুলোতে নতুন ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।