নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে বিভিন্ন জায়গায় জনসভায় অংশ নিতে হয়। তাই নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজাতে হবে, যাতে জনগণের সঙ্গে সরকারপ্রধানের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং স্মারক বৃক্ষ রোপণ করেন। তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নিহত পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজখবর নেন।
সশস্ত্র বাহিনীকে দেশ ও জনগণের গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।