মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও নিজের পরিবারের সদস্যের মতো—এমন মন্তব্য করে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সব ধর্মের মানুষের উৎসব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (৯ অক্টোবর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুইপ অপু জানান, সাধারণত রাজনৈতিক নেতারা পূজার দিন মণ্ডপ পরিদর্শনে যান। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদ সদস্যদের আগেই মন্দির পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী তিনি মন্দির পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে হুইপ অপু বলেন, সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সঙ্গে বসবাস করে আসছেন। কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ বা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্দির পরিদর্শনকালে হুইপ অপু নগদ অর্থ ও চাল বিতরণ করেন। পরে ডামুড্যা উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকীর হাতে ডেঙ্গু শনাক্তকরণের ৫০০টি কিট তুলে দেন।
এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।