যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলা বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বাক্যবিনিময়ের খবর সামনে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাতে জানা যায়, সোমবার (১ জুন) তাদের ফোনালাপ ছিল অত্যন্ত উত্তপ্ত। এ সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহুকে “পাগল” এবং “নিমকহারাম” বলে মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের বৈরুতে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, এমন হামলা হলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে।
একাধিক সূত্রের দাবি, ট্রাম্প আরও বলেন, “আমার কারণে আপনাকে জেলে যেতে হয়নি”—ইঙ্গিত করে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার দিকে।
ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ করবে এবং ইসরায়েলও বৈরুতে হামলা থেকে বিরত থাকবে। তবে পরবর্তীতে নেতানিয়াহু জানান, লেবাননে হামলা অব্যাহত থাকবে।
ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত।