কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে এ মিছিল করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সুহেল রানা)।
স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম মুন্সি সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে যান। পরে তাদের দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, বৃহস্পতিবার সকালে পাঠদান শুরুর আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি সিঙ্গারা ও সমুচা খাওয়ানোর কথা বলে কয়েকজন শিক্ষার্থীকে মাজার গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়। বিষয়টি জানার পর বিদ্যালয়ের দপ্তরিকে ফোন করে শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। কোমলমতি শিশুদের রাজনৈতিক মিছিলে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।