বাংলাদেশের কৃষি খাতকে টিকিয়ে রাখতে এবং কৃষকদের সুরক্ষা দিতে পর্যাপ্ত ভর্তুকির দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে সফল ও ইতিবাচক খাত হলো কৃষি। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কৃষি আর শুধু লাভজনক পেশা নয়। বিশ্ববাজারের পরিস্থিতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে কৃষকদের টিকে থাকতে সরকারি সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, কৃষি খাতের ধারাবাহিক ও দৃশ্যমান সাফল্য দেশের অন্য অনেক খাতের জন্য উদাহরণ। কৃষকদের বাঁচাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান জরুরি।
দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন কর্মসূচিগুলো সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে।
মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাজের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলার বাইরে বদলি না করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তাদের যাতায়াত সহজ করতে মোটরবাইক সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষিবিদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিপ্লোমা কৃষিবিদদের অবদান, কৃষি উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।