বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) বাক্যটি। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশা ও জলছাপেও বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন ডিজাইনের পাসপোর্টে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি ও প্রাকৃতিক নিদর্শনের জলছাপ (ওয়াটারমার্ক) অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে ২০২০ সালের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছিল। এবার দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি পুনরায় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ৭ এপ্রিল এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। তবে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্যান্য ক্ষেত্রে তা পুরোপুরি কার্যকর না হওয়ায় নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন জলছাপে যেসব বিষয় যুক্ত করা হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে— বঙ্গভবন, জিআই পণ্য জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগর।
এছাড়া বর্তমানে থাকা কক্সবাজার সমুদ্রসৈকতের নৌকাসহ কিছু বিদ্যমান নকশাও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে নতুন নকশায় বাদ দেওয়া হতে পারে ধানমন্ডি ৩২ নম্বর, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।