বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর হোটেলে প্রবেশের নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে চলে যান। ভিডিওতে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ আচরণ করতেও দেখা যায়।
তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম লিখিত বিবৃতিতে দাবি করেছিলেন, সেখানে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি ওই ঘটনার ব্যাখ্যাও দেন।
এদিকে বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
নতুন ভিডিও প্রকাশের পর আবারও তাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।