খুলনা মহানগরীর পুটিমারি বাজার এলাকায় অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন— পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুটিমারি বাজার এলাকার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা কয়েকজন অস্ত্রধারী প্রথমে কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
একপর্যায়ে যুবদলকর্মী মাসুম শেখের সঙ্গে তাদের কথোপকথন হয়। পরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে হামলাকারীরা গুলি ছোড়ে।
প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। এরপর আরও এক রাউন্ড গুলি চালানো হলে সেটি জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।