বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (কৃষি) পদে কর্মরত শিক্ষকদের জন্য বেতন গ্রেড পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে যেসব শিক্ষক ১১তম গ্রেডে চাকরিতে যোগদান করেছেন, তারাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ১০ম গ্রেডে বেতন পাবেন।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ কোডে যোগদান ও এমপিওভুক্ত সহকারী শিক্ষক (কৃষি) পদধারীদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন করে ১০ কোডে বেতন নির্ধারণ করতে হবে।
গত ৯ জুন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা সংশোধিত পরিপত্র অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান অথবা ডিভিএম বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিধারীরা সরাসরি ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন।
এছাড়া, ন্যূনতম ৩ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা বা সমমানের যোগ্যতাসম্পন্নরাও ১০ম গ্রেডের সুবিধা পাবেন।
অন্যদিকে, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা শুরুতে ১১তম গ্রেডে বেতন পেলেও বিএড ডিগ্রি অর্জনের পর ১০ম গ্রেডে উন্নীত হবেন। তবে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সংশ্লিষ্টদের মতে, সংশোধিত এ বিধান অবিলম্বে কার্যকর হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।